পারিবারিক আবহে দিন কাটছে যুক্তরাজ্য প্রবাসীদের

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের কারণে দুই সপ্তাহের বেশি সময় ধরে গৃহবন্দী রয়েছেন প্রবাসীরা । চার দেয়ালের ভেতরে বন্দী থেকে অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন। তবে ঘরে থাকতে বাধ্য হওয়ায়, পিতামাতাকে কাছে পাচ্ছে সন্তানরা।
স্কুল কলেজ বন্ধ থাকলেও, অনলাইন এডুকেশনের মাধ্যমে ঘরে বসেই পাঠ নিচ্ছে অনেক শিক্ষার্থী। পারিবারিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় অনেক প্রবাসীই, নানারকম ইনডোর গেমসসহ চিত্তবিনোদনে মেতে উঠেছেন তারা ।
করোনা মহামারীর কারণে ঘরের ভেতর এভাবেই খুনসুটি করে সময় কাটছে ভাইবোনের । শিশুসুলভ চঞ্চলতার সবটুকু চার দেয়ালের ভেতর বন্দী।
২০ মার্চের পর থেকে স্কুল বন্ধ হওয়ায় দেখা হচ্ছে না বন্ধু বান্ধবদের সাথে। তবে ইন্টারনেটের বদৌলতে খোঁজ খবর নিচ্ছে তারা। অভিভাবকগণ চেষ্টা করছেন, সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে। পাশাপাশি ছেলে মেয়েদের বিভিন্ন শিক্ষামূলক কাজে উৎসাহ দিচ্ছেন।
এদিকে, করোনা বিপর্যয়ের এই সময়টাতে সন্তানেরা পিতামাতাকে কাছে পাচ্ছেন পুরোটা সময়। যান্ত্রিক ব্যস্ততার নগরীতে এ যেন মমতায় মোড়ানো গ্রামীন আবহের আধুনিক রুপ ।
সরওয়ার হোসেন, বাংলাটিভি, লন্ডন



