সন্ধ্যা ৭টার মধ্যে কাঁচাবাজার-সুপারশপ বন্ধের নির্দেশ ডিএমপির

নভেল করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে রাজধানীর সব সুপারশপ, কাঁচাবাজার বন্ধ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ নির্দেশনা দেন।
মহল্লার নিত্যপণ্যের মুদি দোকান ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। সন্ধ্যার পর শুধু ওষুধের দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, “ওষুধের দোকানসহ জরুরি সেবা খাতগুলো চালু থাকবে। বর্তমান করেনাভাইরাস পরিস্থিতির কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ওষুধের দোকান ছাড়া অন্য কেউ কোনো দোকান খোলা রাখলে তাকে আমরা জনস্বার্থে বন্ধ করতে বাধ্য করব।”
তিনি বলেন, সবাইসহযোগিতা না করলে পুলিশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
দোকান, সুপারশপ, কাঁচাবাজার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার বিষয়ে ইতোমধ্যে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



