বিশ্ববাংলা

ফিনল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা, আতঙ্কে বাংলাদেশিরা

ফিনল্যান্ডে দ্রুত করোনা ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার জানায়, এ পর্যন্ত  দুই হাজার ৮৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ৩৪ জন।

সারা পৃথিবীজুড়ে হত্যাযজ্ঞ বিস্তার করেছে করোনাভাইরাস। দেশটির রাজধানী হেলসিংকিসহ বিভিন্নস্থানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। এদের অধিকাংশই থাকেন রাজধানী হেলসিংকি, ভানতা ও এসপো এলাকায়।

সেখানে ভারতীয়দের পরই বাঙালিরা রেস্টুরেন্ট ব্যবসা নিয়ন্ত্রণ করে। করোনার কারণে সরকারের পক্ষ থেকে লকডাউন জারি করায়, অধিকাংশ ব্যাবসা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। তাই সবার মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক দেখা দিয়েছে।

দেশটিতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে রয়েছেন, বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসীরা। আতংকিত অনেকেই বাড়িতে খাবারসহ দরকারি জিনিসপত্র মজুদ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে স্বল্প সংখ্যক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট খোলা আছে।

দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্ত, জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার বিস্তার প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। করোনার প্রভাবে যারা সাময়িকভাবে চাকরিচ্যুত অথবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার আর্থিক সহায়তার পরিকল্পনা করেছে।

সীমান্তবর্তী দেশ রাশিয়া,নরওয়ে ও সুইডেনের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ রাখা হয়েছে । এখন পর্যন্ত দেশটিতে কোনো বাংলাদেশি আক্রান্ত হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button