বিশ্ববাংলা
সিঙ্গাপুরে একদিনে ৪৭ বাংলাদেশি করোনা আক্রান্ত

সিঙ্গাপুরে একদিনে ৪৭ বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরে কোভিড-১৯ আক্রান্তদের সবশেষ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় দুপুর বারোটা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১০৬, যার মধ্যে ৪৭ জন বাংলাদেশি পজিটিভ শনাক্ত হয়েছেন।
বেশিরভাগ বাংলাদেশিই একসঙ্গে একই আবাসিক ভবনে থাকতেন। এরকম তিন চারটি আবাসিক ভবন তাদের তালিকায় উল্লেখ করা হয়েছে।
সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখেরও বেশি। এদের বেশিরভাগই এসেছেন দক্ষিণ এশিয়া থেকে এবং কাজ করছেন মূলত নির্মাণ শিল্পে।
এদিকে, সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন। কর্মকর্তারা স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করেছেন করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে। কিন্তু বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা অভিবাসী শ্রমিকদের মধ্যে আশংকাজনক হারে ভাইরাসে ছড়িয়ে পড়ার খবর আসছে।



