
বুধবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ। কারা কর্তৃপক্ষ আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
এর আগে বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার ফাঁসির পরোয়ানা জারি করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গত ২২ থেকে ২৩ বছর ধরে ভারতে পালিয়ে ছিলেন।
করোনাভাইরাস আতঙ্কে সেখান থেকে গত ২৬ মার্চ ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর গোপন তথ্যে মঙ্গলবার ভোররাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট।



