ঘরে বসে পরিবারের সাথে নববর্ষ পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং ঝুঁকি এড়াতে বাড়িতেই নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ই এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জাতির উদ্দেশে দেয়া ভাষণের শুরুতেই দেশবাসীকে বাংলা নতুন বছরের ১৪২৭ বঙ্গাব্দের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘করোনাভাইরাসের যে গভীর আঁধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে, সে আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় তাই বলতে চাই: মেঘ দেখে কেউ করিসনে ভয়/আড়ালে তার সূর্য হাসে/হারা শশীর হারা হাসি/অন্ধকারেই ফিরে আসে।
শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা ঘরে বসেই এবারের নববর্ষের আনন্দ উপভোগ করবো। কবিগুরুর কালজয়ী গান ‘‘এসো হে বৈশাখ, এসো এসো/মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা” গেয়ে আহ্বান করবো নতুন বছরকে। অতীতের সকল জঞ্জাল-গ্লানি ধুয়ে-মুছে আমরা সামনে দৃপ্ত-পায়ে এগিয়ে যাব; গড়ব আলোকোজ্জ্বল ভবিষ্যত।’
এসময় দেশবাসীর পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিশেষ সম্মানী বাবদ ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন। যারা প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতোমধ্যেই তাঁদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাঁদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে বলেও জানান তিনি।



