সৌদিতে তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান

সৌদি আরবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে রমজান মাসে তারাবীর নামাজ ঘরে পড়তে আহবান জানিয়েছেন, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ।
স্যাটেলাইট চ্যানেল এমবিসি’র একটি সাপ্তাহিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মন্ত্রী জানান, সৌদিতে চলমান করোনা সংকটের উত্তরণ না হলে, মসজিদে নামাজ আদায়ের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। সেক্ষেত্রে আসন্ন রমজানে তারাবীর নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে না। দেশের কোভিড-১৯ পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তবে ঘরে বসে তারাবীর নামাজ আদায় করতে হবে।
তিনি আরও বলেন, “মসজিদে তারাবী নামাজের চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ।” ঘরে তারাবী নামাজ পড়ে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি, বিশ্বব্যাপী সব মানুষের করোনামুক্তির জন্যও দোয়া করার আহবান জানান তিনি।
মহামারি করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য দেশটির মসজিদগুলোতে সাময়িকভাবে নামাজ স্থগিতের নির্দেশ দিয়ে, সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসময় করোনায় মৃতদের দাফন সম্পর্কে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, “করোনার এ প্রাদুর্ভাবের সময় ভাইরাস কিংবা স্বাভাবিক মৃত্যুবরণকারীর জানাজায় সর্বোচ্চ ৫ কিংবা ৬ ব্যক্তি সম্পন্ন করবে।
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি



