
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মাঠে সক্রিয় সেনাবাহিনী। প্রয়োজন ছাড়া কেউ বের হলেই নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। চলছে জনসচেতনতামূলক কাযর্ক্রম।
সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। আর সেই সাথে জোরদার করা হচ্ছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে ভ্রাম্যমাণ দলের পাশাপাশি নগরের বিভিন্ন সড়কে বসানো হয়েছে পুলিশের অসংখ্য তল্লাশি চৌকি। পাশাপাশি সড়কের প্রায় প্রতিটি মোড়ে চলছে তল্লাশি, সচেতনতা কাযর্ক্রম।
রাজধানীর বিভিন্ন মোড়ে মানুষের উপস্থিতি দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন সেনাবাহিনীর সদস্যরা, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এসব মানুষকে বোঝানো হচ্ছে নিরাপত্তার বিষয়টি। প্রয়োজন ছাড়া বের হলেই নেয়া হচ্ছে ব্যবস্থা।
পাশাপাশি, লকডাউনে থাকা রাজধানীতে জরুরি সেবাদানকারী পরিবহন চলাচল নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। এভাবে আগামী ১৫ থেকে ২০ দিন মানুষ নিজেকে ঘরবন্দি করে রাখতে পারলে মহামারি করোনার বিস্তার রোধ করা অনেকটা সম্ভব হবে বলেও জানান তারা।
বাংলাটিভি/শহীদ



