আফ্রিকায় বাংলাদেশির দোকানের কর্মচারীকে কুঁপিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশির দোকানে ঢুকে এক কর্মচারীকে কুঁপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
গত বুধবার দেশটির কেপটাউনের আটলান্টা এলাকার কালবাসক্রাল গ্রামে বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে ঢুকে, দুর্বৃত্তরা দুইজন কর্মচারীকে কুঁপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। অধিক রক্তক্ষরণের ফলে সবুজ নামে একজন সেখানেই মারা যান।
আকবর নামে অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। তবে ঘটনার সময় দোকানটির মালিক ঘটনাস্থলে উপস্থিত থাকলেও, সন্ত্রাসীরা তাকে কোনো আঘাত করেনি।
জানা যায়, গত ছয় মাসের ব্যবধানে দোকানটিতে তিন জন বাংলাদেশিকে কুঁপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বে নিহত দুইজনের মধ্যে একজন ছিলেন দোকানটির বর্তমান মালিকের ব্যবসায়িক ভাগীদার।



