
বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে রপ্তানিকারক দেশগুলো সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। এমন দুর্যোগপূর্ণ সময়ে ব্যক্তি উদ্যোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র সুমিত চন্দ স্থানীয় উপকরণ দিয়েই ফেসশিল্ড তৈরি করছেন।
মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম ফেসশিল্ড। পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্টের সম্পূর্ণতার জন্য এটি অত্যাবশকীয়।। চিকিৎসকদের মতে, মানসম্পন্ন ফেসশিল্ড ছাড়া করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেওয়া নিরাপদ নয়।
ইতোমধ্যে ১০০ পিস ফেসশিল্ড তৈরি করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছেন কুয়েটের এ শিক্ষার্থী। খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ বলেন, কুয়েটের শিক্ষার্থীর তৈরি ফেসশিল্ড পেয়েছি। স্থানীয় উপকরণ দিয়ে ফেসশিল্ডগুলো ভালোই করেছে।কাজ চালানো যাবে।
এ শিক্ষার্থী জানান, কেউ খুলনা, মোংলা, বাগেরহাটে ওএইচপি শিট সাপ্লাই দিতে পারলে আরো ভালো ফেসশিল্ড বানানো যাবে। ইতি মধ্যেই কিছু শিক্ষার্থীর সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে আগামী তিন চারদিনের মধ্যেই ১হাজার পিস ফেসশিল্ড তৈরি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই শিক্ষার্থী ।
বাংলাটিভি/শহীদ



