আজও লকডাউন করা হয়েছে দেশের বিভিন্ন এলাকা

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে। এ অবস্থায়, দেশজুড়ে বাড়ছে কোয়ারেন্টিন ও লকডাউনের সংখ্যাও।
নওগাঁর চকদেব জনকল্যান মহল্লায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মাহবুব আলম নামে ৬২ বছর বয়সী এক ব্যক্তি। ভোরে নিজবাড়িতে তার মৃত্যু হয়। সিভিল সার্জন জানান, গত বুধবার ঢাকা থেকে নওগাঁয় আসেন ওই ব্যাক্তি। এরপর থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি।
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, একজন নিজ বাড়িতে এবং অন্যজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাদের সবার নমুনা সংগ্রহ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তাদের মৃত্যু হয়। যুবকের বাড়ি লবণচরা এবং রুপসা উপজেলার কাজদিয়া গ্রামে শিশু বাড়ি। খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পয়েন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হওয়া এক বৃদ্ধের করোনা পজেটিভ আসায় ওয়ার্ডটিকে লকডাউন করার পাশাপাশি, সেখানে কর্মরত অন্তত ২৪ জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন, হাসপাতালটির পরিচালক ডাক্তার মোহাম্মদ বাকির হোসেন।
রাজশাহীর মোহনপুরের হরিদাগাছী গ্রামে নারায়ণগঞ্জফেরত এক নারীর করোনা পজিটিভ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়। পরে স্থানীয় প্রশাসন হরিদাগাছী গ্রামটি লকডাউন ঘোষণা করে। এ নিয়ে জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হলো।
করোনা সংক্রমনরোধে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গতরাতে এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন জেলা ম্যাজিষ্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পাবনায় চাটমোহরের বামনগ্রামে প্রথম করোনারোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তি একজন পোশাককর্মী। তিনি গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গ্রামে আসেন। পরে চাটমোহর উপজেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯ জন রোগী শনাক্ত হলো। গতরাতে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেন। জয়পুরহাটে প্রথমবারের মত দু’জন করোনা আক্রান্তের সন্ধান মিললো। নারায়ণগঞ্জ ফেরত আক্রান্ত ওই ব্যাক্তিরা কালাই উপজেলার জিন্দারপুর এলাকার বাসিন্দা। গতরাতে তাদের নমুনা পজেটিভ আসায় জেলাকে লকডাউন ঘোষণা করে, জেলা প্রশাসন।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



