করোনার ছোবলে সারাবিশ্বে বাড়ছে মৃত্যুর মিছিল

করোনার ছোবলে সারাবিশ্বে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ২২ লাখ। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্র এখনো আক্রান্ত আর মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে। ইতালিতে আক্রান্তের সংখ্যা কমলেও, কমেনি মৃতের হার।
সবদিক থেকে এগিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র করোনায় আক্রান্ত আর মৃতের দিক থেকেও সারাবিশ্ব থেকে এগিয়ে। সংক্রমনের লাগাম যেন কোনোভাবেই টেনে ধরতে পারছে না বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই দেশটি। গেলো ২৪ ঘন্টায় আবার প্রাণ গেলো ২ হাজার ৫৩৫ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজারেরও বেশি। ৭ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
সংক্রমণ কিছুটা কমেছে ইতালিতে। কিন্তু পরিসংখ্যানের দিক থেকে কমেনি মৃত্যুহার। করোনার মরণ ছোবলে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচে ভয়াবহ অবস্থা ছিল ইতালির। সেই অবস্থা কাটিয়ে উঠলেও, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৭৫ জনের প্রাণহানি ঘটেছে। সেইসাথে মৃতের যোগফলও ২২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ লাখ ৭২ হাজারের বেশি।
এদিকে, সারা বিশ্বে যে কয়টি দেশে করোনা রুদ্রমূর্তি নিয়েছে ফ্রান্স তাদের অন্যতম। গত ২৪ ঘন্টায় সেখানে ৭৬১ জনের মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার। আর মোট শনাক্ত হয়েছে প্রায় দেড় লাখ।
ইউরোপের আরেক দেশ স্পেনও রয়েছে ভয়াবহ অবস্থায়। দেশটিতে ২০ হাজার ছাড়ালো প্রাণহানির সংখ্যা; আক্রান্ত ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। বৃটেনে নতুন করে ৮৬১ জনের মৃত্যুতে, প্রাণহানি ১৪ হাজার ৫’শ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও লাখের ওপর। এ ছাড়া, পাশ্ববর্তী দেশ ভারতে ১৪ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা, এখন পর্য্ন্ত মৃত্যু ৪৮৬ জনের।



