কুয়েত প্রবাসীদের ইকামার মেয়াদ তিন মাস বেড়েছে

কুয়েতে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসীদের ইকামার মেয়াদ তিন মাস বাড়িয়েছে দেশটির সরকার।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহ জানান, যেসকল প্রবাসীদের ইকামার মেয়াদ পয়লা মার্চ থেকে ৩১ মে’র মধ্যে শেষ হবে, তাদের সবাইকে তিন মাসের জন্য সরকারের পক্ষ থেকে ‘সাময়িক রেসিডেন্সি’ বা খুরুজ দিয়ে দেয়া হয়েছে।
দেশটির স্থানীয় ইংরেজি গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে, বিষয়টি উল্লেখ করা হয়েছে। কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ইস্যুতে জরুরি অবস্থা জারি থাকায়, প্রবাসীদের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
কুয়েত সরকারের দেয়া এই তিন মাসের সাময়িক রেসিডেন্সি, সকল প্রবাসীসহ যারা কুয়েতে ভিজিট ভিসায় এসেছিলেন তাদের জন্যও প্রযোজ্য হবে। এছাড়াও, যে সকল প্রবাসীরা, ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য কুয়েত সরকার অনলাইনে ইকামা নবায়ন পদ্ধতি চালু করেছে।



