
জরুরি বিষয়ে শুনানি ও নিষ্পত্তি করতে অনলাইনে এক বা একাধিক হাইকোর্ট বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির কাছে একটি আবেদন করা হয়েছে। শনিবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে ই-মেইল যোগে প্রধান বিচারপতির কাছে এ আবেদন করা হয়।
চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের সিসিবি’র পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও পরিচালক অ্যাডভোকেট ইশরাত হাসান এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।
যেহেতু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি সেহেতু স্বল্প পরিসরে হলেও আদালতের কার্যক্রম পরিচালিত হওয়া জরুরি। কারণ, বাংলাদেশ সংবিধানে দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে।
সরকার এসব অধিকার বাস্তবায়নে ব্যর্থ হলে সংবিধান অনুসারে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।



