চীন থেকে চিকিৎসা-সুরক্ষা সামগ্রী ঢাকায়

চীন থেকে করোনাভাইরাস শনাক্তকারী কিট, মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সামগ্রী নিয়ে দেশে পৌঁছেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ।
আইএসপিআর জানায় রোববার দুপুরে বিমানবাহিনীর সি-১৩০জে উড়োজাহাজে করে এসব সামগ্রী দেশে আনা হয়। করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ চীন থেকে এসব চিকিৎসাসামগ্রী নিয়ে আসে।
এসব চিকিৎসাসামগ্রীর মাঝে রয়েছে, করোনাভাইরাস শনাক্তকরণ কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।
এ গুলো আনার উদ্দেশ্যে ১৭ এপ্রিল স্বাস্থ্যসেবা সামগ্রী আনতে বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে।
বাংলাটিভি/শহীদ



