বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াল থাবায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক এ মহামারি এ যাবৎ ছড়িয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এবং মৃতের সংখ্যা ১ লাখ ৭৭ হাজারের বেশি। গত ২৪ ঘন্টায়ও সব থেকে বেশি মৃতের তালিকায় যথারীতি যুক্তরাষ্ট্র। এরপরই অবস্থান করছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স এবং স্পেন।
বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো আজ কুপোকাত করোনার মরণ ছোবলে। কোনভাবেই যেন বাগে আনা যাচ্ছে না এ ভাইরাসের সংক্রমণকে। ভবিষ্যৎ কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়েও কপালে ভাঁজ বিশ্ব নেতাদের।
করোনার মত একটি অতিক্ষুদ্র অদৃশ্য ঘাতকের কাছে আজ অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটিও। গত কদিন যেন করোনা তার আবাসস্থল গেড়ে বসেছে মার্কিন মুল্লুকে। প্রতিদিন হাজারের ওপরে মানুষের প্রাণহানি। গেলো ২৪ ঘন্টায়ও দেশটিতে প্রাণ হারিয়েছে ২ হাজার ৮০০ মানুষ। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৪৩ জনে। আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজারের বেশি।
ওদিকে, যুক্তরাষ্ট্রের পর ইউরোপের দেশগুলোতে মহামারিতে রুপ নিয়েছে করোনাভাইরাস। দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ইতালি। গেলো ২৪ ঘন্টায় সেখানে মৃত্যুর খাতায় যোগ হয়েছে আরো ৫৩৪ জনের নাম। তৃতীয় স্থানে যথারীতি ইউরোপের আরেকটি দেশ স্পেন। সেখানেও নতুন করে প্রাণ গেছে ৪৩০ জনের।
ফ্রান্সেও প্রায় একই অবস্থা। একদিনে সেখানে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে আরও ৫৩১ জন। মৃত্যুর যোগফল ২০ হাজার ৭৯৬ জনে। গত কয়েকদিনের মত যুক্তরাজ্যেও সচল রয়েছে মৃত্যুর মিছিল। গেলো ২৪ ঘন্টায় নতুন ৮২৮ জনসহ মোট মৃত্যু ১৭ হাজার ৩৩৭ জনের।
এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে ২০ হাজার ৮০ জনের মধ্যে ছড়িয়েছে করোনার সংক্রমণ। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬৪৫ জন।



