উন্নয়ন বিষয়ক নীতি নির্ধারণী টিমে নিয়োগ পেয়েছেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে লেবার দলকে শক্তিশালী করতে দলের উন্নয়ন বিষয়ক নীতি নির্ধারণী টিমে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক এমপি।
দলটির ডেপুটি লিডার এবং চেয়ার এঙ্গেলা রায়নার দলের উন্নয়ন বিষয়ক পার্লামেন্টারী লিড পদে টিউলিপকে নিয়োগ দেন। এ পদে থেকে তিনি ডেপুটি লিডারের পক্ষ হয়ে, দলের উন্নয়ন বিষয়ক নীতি নির্ধারণ করবেন। এছাড়া আরও চার এমপিকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়েছে।
দলীয় সংস্কৃতি ও অনুশীলনের পরিবর্তনের মাধ্যমে, লেবার দলকে শক্তিশালী করতে এসব নিয়োগ দেয়া হয়। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ২০১৫ সাল থেকে, হ্যাম্পস্টীড এবং কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়ে আসছেন। তিনি লেবার দলের বর্তমান ছায়া মন্ত্রীসভায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, শিশু ও প্রাথমিক বয়স বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইতোপূর্বে টিউলিপ সিদ্দিক সংস্কৃতি,গণমাধ্যম এবং ক্রীড়া বিষয়ক ছায়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নতুন এ দায়িত্ব পেয়ে, উচ্ছ্বসিত টিউলিপ সিদ্দিক জানান, পরবর্তী সরকার গঠন করতে হলে, তাদের অনেক কাজ করতে হবে।
জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে তিনি লেবার দলের সদস্য হন এবং দলের যুবা শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙ্গালী নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
সরওয়ার হোসেন, লন্ডন প্রতিনিধি



