
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে। এছাড়া করোনায় আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এদিকে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ৫৫ জন। শনাক্ত হয়েছেন ২৭ লাখ ২৫ হাজার ৩৯১ জন। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
এছাড়া ভাইরাসে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ ৪৫ হাজার ৮২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭ লাখ ৮৮ হাজার ৫১৬ জন। এদের মধ্যে ১৭ লাখ ২৯ হাজার ৮৩৮ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৮ হাজার ৬৭৮ জনের অবস্থা গুরুতর।



