১৭ দিনে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি

ভারতের বিভিন্ন রাজ্যে আটকে পড়া ৫৪ জন বাংলাদেশি গত ১৭ দিনে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তারা বাংলাদেশে প্রবেশ করেন।
এ সময় সীমান্তের শূন্যরেখায় অস্থায়ী মেডিকেল টিমের স্বাস্থ্যকর্মীরা তাদের জীবাণুনাশক স্প্রে করেন এবং সতর্কতার সাথে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তবে যাত্রীদের শরীরে তাপমাত্রা স্বাভাবিক থাকায়, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সরাসরি জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়।
কোন যাত্রীর শরীরে করোনায় আক্রান্তের লক্ষণ পাওয়া যায়নি। আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদেরকে বাসায় না পাঠিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন বাধ্যতামূলক থাকতে হচ্ছে।
তিনি আরও জানান,আগত যাত্রীদের মধ্যে ৪২ জন পুরুষ, ১১জন নারী ও ১ শিশু রয়েছে।



