‘এক তৃতীয়াংশ মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সরকার’

করোনা প্রতিরোধে লকডাউনে দেশের এক তৃতীয়াংশ মানুষকে সরকার খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমের উদ্দেশ্য অনলাইন ব্রিফিং এ বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, রোববার থেকে ১৮ টি মন্ত্রণালয়ের কার্যক্রম সীমিত পরিসরে চলবে। ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি থাকলেও, তথ্য মন্ত্রণালয়ের ডিজিটাল দপ্তরসহ কিছু কার্যক্রম সীমিত আকারে চলেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি আরও জানান, এই ছুটির মধ্যেও তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের জরুরি সেবা দিতে হয়, সেজন্য আমাদের কিছু দপ্তর চালু ছিল। এছাড়াও মন্ত্রণালয়ের আরও কিছু জরুরি দপ্তর খোলারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তথ্যমন্ত্রী বলেন, তিন লাখ মৎস্যজীবী পরিবার ভিজিএফ সহায়তা পাবে। সরকার চেষ্টা করে যাচ্ছে এই বিশেষ পরিস্থিতিতে যাতে যারা দিন আনে দিন খায়, তাদের কোনো অসুবিধা না হয়। সরকার ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে এবং আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে।
যার আওতায় আসবে এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ। আরও এক কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার।
বাংলা টিভি/রাসেল



