দেশবাংলা
টঙ্গীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাক জব্দ

গাজীপুরের টঙ্গীতে ট্রাকচাপায় মোঃ রাকিব (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব টঙ্গীর সিলমুন এলাকার শাহিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুরের দিকে রাকিব মোটরসাইকেল নিয়ে পূবাইল থেকে টঙ্গীর দিকে আসছিলেন। নিমতলী ব্রিজের এলাকায় পৌঁছালে মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢামেকে পাঠায়। পরে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



