
প্রথমবারের মতো কোনও রোহিঙ্গা দলকে ভাসানচরে পাঠানো হলো। শনিবার (২ মে) রাতে ওই দলটি স্থানীয় দালালচক্রের সহায়তায় বাংলাদেশে প্রবেশের সময়ে ধরা পড়লে তাদের ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রাতে ৩০ জনের মতো ধরা পড়েছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে ধরা হয়। সবাইকে একত্রে ‘কোস্ট গার্ডের সহায়তায় তাদের ভাসানচরে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব বাংলাদেশের জানিয়ে তিনি বলেন, ‘সেখানে জাতিসংঘ কাজ করছে না।’
উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়া যেতে চায়, তবে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ করলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ।



