
কিছুতেই যেন ঘরে রাখা যাচ্ছে না রাজধানীবাসীকে। দেশে করোনার সংক্রমণ যত বাড়ছে, গৃহবন্দী ঢাকাবাসী যেন ততই বেপরোয়া হয়ে উঠছে। কোনো কারণ ছাড়াই রাজধানীর সড়কে বেড়ে গেছে যানবাহনের সংখ্যা। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, পোশাক কারখানাসহ কিছু শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়াতেই এ অবস্থা।
সময় যত গড়াচ্ছে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যাও যেন বাড়ছে। অথচ তারপরও প্রাণঘাতী এই ভাইরাসকে রাজধানীবাসী যেন বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে! বিগত বেশ কিছুদিন রাজধানীতে যানবাহন চলাচল ও জনসমাগম অনেকটা নিয়ন্ত্রিত থাকলেও গেল কয়েক দিনে মানুষের চলাফেরায় মনে হচ্ছে দেশে কোনো সঙ্কট নেই।
হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা; বেড়েছে মানুষের চলাফেরাও। ব্যাক্তিগত গাড়ীর পাশাপাশি, রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ক্ষুদে গণপরিবহনগুলোও। রাজধানীর প্রবেশদ্বারগুলো দিয়ে অহরহই ঢুকছে অসংখ্য যানবাহন। চালকরা বলছেন, পেটের তাগিদে এক প্রকার বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা।
অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দাবি, কিছু ব্যবসায়িক ও শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টায় সচেতন না হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



