
বাংলাদেশে নতুন করে ৭৮৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৯২৯ জনে। আর গত ২৪ ঘন্টায় মারা গেছেন একজন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি।
নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন।
এদিকে বিশ্বব্যাপী করোনায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন আড়াই লাখেরও বেশি মানুষ। তবে আশার কথা হচ্ছে, ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর ১২ লক্ষাধিক মানুষ সুস্থ হয়েছেন।



