মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাশে মিজান গ্লোবাল রিসোর্স

মালয়েশিয়ায় প্রায় দুইমাস ধরে চলমান লকডাউনের কবলে পড়ে প্রবাসীদের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। অসহায় এসব প্রবাসী বাংলাদেশিদের দুর্দশা লাঘবে পাশে দাঁড়িয়েছে মিজান গ্লোবাল রিসোর্স। রমজানে মানবিক সহায়তা পেয়ে প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা।
করোনা পরিস্থিতিতে মালয়েশিয়ায় টানা ৫৪ দিন ধরে চলছে লকডাউন। গত ৪ মে থেকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার কিছুটা শিথিল করলেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এখনও কর্মহীন। এমতাবস্থায় রমজান মাস এসে পড়ায় অনাহারে অর্ধাহারে চলছে তাদের সিয়াম সাধনা।
প্রবাসীদের এমন দুর্দিনে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মালয়েশিয়ার জহুরবারু প্রদেশে প্রায় ৫০০০ প্রবাসীকে খাদ্যসহ নগদ অর্থ সহায়তা দিয়েছে মিজান গ্লোবাল রিসোর্স। প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মিজান চৌধুরী অন্যান্য ধনী ব্যাক্তিদেরকেও প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রবাসীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য, বিভিন্ন সুরক্ষাসামগ্রী এবং আপতকালীন সময়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। দুর্দিনে এসব সাহায্য পেয়ে প্রবাসীরা মিজান গ্লোবাল রিসোর্সকে ধন্যবাদ জানান।
এদিকে মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমতে করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ১০৬ জন, আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫৬৭ জন।
বাংলা টিভি/রাসেল



