দোকানপাট খোলা না খোলা মালিক পক্ষের সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘মালিক সমিতির আবেদনের পরই শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে, এখন খোলা না খোলা মালিক পক্ষের সিদ্ধান্ত’। বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু করতে হবে। দোকানদার যদি মনে করে আমি খুলবো না বা খুলবো সেটা তাদের সিদ্ধান্ত। তবে সরকার জনগণের চিন্তা করেই এসব খুলে দেয়া হয়েছে।
এরআগে, ব্যবসা বাণিজ্যের ভয়াবহ ক্ষতি বিবেচনায় নিয়ে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে গত সোমবার কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর আগামী ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট আর শপিংমল খোলার অনুমতি দেয় সরকার।
দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, শনিবার থেকে টিসিবি ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে। আগামী ৪ মাস নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী।



