স্পেনে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে ভালিয়েন্তে বাংলা

স্পেনে করোনা পরিস্থিতিতে খাদ্যসহ নানা সংকটে থাকা প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশিদের সংগঠন ভালিয়েন্তে বাংলা। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত বাংলাদেশ ও স্প্যানিশ নেতারা দেশটির অফিস আদালতে বাংলায় অনুবাদকারী সরবরাহ এবং অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে সরকারের কাছে আবেদন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৩মার্চ দেশটিতে দেশটিতে রাষ্ট্রীয়ভাবে জরুরী অবস্থা জারির পর স্থবির হয়ে পড়ে জনজীবন। অনিশ্চিত হয়ে পড়েছে বেকার হয়ে পড়া বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর ভবিষ্যত। প্রবাসীদের এমন দুর্দিনে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভালিয়েন্তে বাংলা নামক একটি মানবাধিকার সংগঠন। বৃহস্পতিবার তৃতীয় দফায় প্রায় ৩০০ প্রবাসীর মধ্যে “রমজান ফুড ব্যাগ” বিতরণ করেছে সংগঠনটি।
এর আগেও প্রায় ২০০০ প্রবাসীকে খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসময় ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন মাদ্রিদ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রিতা মায়েস্ত্রে ফেরনান্দেজ, খর্খে গার্সিয়া কাস্তানিও, মাস মাদ্রিদ পরিচালক এরিখ জনসন, রেড সোলিদারিদাদ এর নিনেস, রেড ইন্টার লা-ভাপিয়েস এর পেপা তররেস, মাইতি, পিলার সহ আরো অনেকে।
এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সহ সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, অর্থ সম্পাদক হারুনুর রশীদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেলসহ ভালিয়েন্তে বাংলার সদস্য জুলহাস, আলামিন, শাহআলম, মকবুল, ফয়সালসহ আরো অনেকে।
এ সময়, স্পেনে বসবাসরত প্রবাসীদের জন্য অফিস আদালতসহ সর্বত্র প্রয়োজন অনুযায়ী বাংলায় অনুবাদকারী প্রদানসহ অবৈধ বসবাসকারীদেরকে বৈধতা দিতে সরকারের কাছে আহবান জানাবেন বলে আশ্বাস দেন। ইতিপূর্বে ভালিয়েন্তে বাংলার উদ্যোগে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের তালিকা তৈরী করা হয়েছিলো।
যারা ত্রাণ নিতে উপস্থিত হতে পারেননি, তাদেরকে বাসায় ত্রাণ পৌছে দেয়া হবে বলে জানান সংগঠনটির সভাপতি ফজলে এলাহী।
বাংলা টিভি/রাসেল



