বিশ্ববাংলা
আমিরাতে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহ আলম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সংযুক্ত আরব আমিরাতের আলআইন সিটিতে, চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ১৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান শাহ আলমের বড়ভাই বেদারুল ইসলাম। দুই ভাই ই মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। শাহ আলম ও বেদারুলের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। তাদের বাবার নাম ডা. শামসুল আলম। তাদের এই মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনার আতঙ্কে সময় পার করছেন প্রবাসীরা। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা কর্মহীন হয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে দেশটির প্রবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



