
করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন সম্পন্ন করেছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করে ওষুধটি বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন জানান, ‘করোনা পরিস্থিতি নিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে আমরা দেশবাসীকে এই সুখবর দিতে চাই যে বিশ্বে করোনার একমাত্র কার্যকর ওষুধ বলে স্বীকৃত জেনেরিক রেমডেসিভির উৎপাদনের সব ধাপ আমরা সম্পন্ন করেছি।’
এখন প্রস্তুতকৃত স্যাম্পল রোববার (১০ মে) ওষুধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে (এনসিএল) জমা দেওয়া হবে। তারা অনুমোদন দিলে কয়েকদিনের মধ্যেই এটি বাজারে আসবে।
প্রতিষ্ঠানটির মাকেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক ড. মুজাহিদুল ইসলাম বলেন, এটি খুচরা মূল্য পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। এ ওষুধ কোনো লোকাল ফার্মেসিতে পাওয়া যাবে না। সরাসরি সরকার নির্ধারিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে দেওয়া হবে এবং হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ব্যবহার করা হবে।
তিনি বলেন, মানুষের শিরায় ইনজেকশন হিসেবে এ ওষুধ প্রয়োগ করতে হয়। রোগের তীব্রতার ওপর ওষুধের ডোজ নির্ভর করে। গুরুতর অসুস্থ রোগীর জন্য পাঁচ অথবা ১০ দিনের ডোজ প্রয়োজন হতে পারে।
এরআগে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন (এফডিএ) গত সপ্তাহে করোনার ওষুধ হিসেবে রেমডেসিভিরকে ব্যবহারের অনুমোদন দেয়। আর জাপানের ওষুধ প্রশাসন ৭ মে থেকে ওষুধটি করোনার রোগীদের ওপর প্রয়োগের অনুমতি দিয়েছে। করোনা চিকিৎসায় মার্কিন প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেস কোম্পানির তৈরি এ ওষুধ সারা বিশ্বে সাড়া ফেলেছে। —সূত্র: প্রথম আলো ও বাংলানিউজ



