ফ্রান্সে ১১ মে থেকে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত

ফ্রান্সে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটা কমে আসায়, ১১ মে থেকে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কিন্তু কিছু বিধি-বিধান মেনে চলতে হবে সবাইকে। দোকানপাট, সুপার মার্কেট খুলে দেওয়া হলেও, রেস্টুরেন্ট, বার, সিনেমা হল খোলা হবে না।
তবে এগুলো কবে খুলে দেওয়া হবে, তা চলতি মাসের শেষের দিকে জানানো হবে। এছাড়া সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরে কোন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা যাবে না, এমনকি মাস্ক না পড়ে বাসা থেকে বের হলে জরিমানা করা হবে।
ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর সাথে যে বর্ডার সংযুক্ত আছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা লকডাউনের মধ্যে সরকারের নিয়ম-নীতি মেনে, সবাই ঘরেই অবস্থান করায় কেউই কাজে যেতে পারছেন না। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকলেও গ্রোসারির দোকান খোলা রয়েছে।
এদিকে, ফ্রান্সে যারা বৈধভাবে বসবাস করছেন এবং যারা চুক্তিতে কাজ করছেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে বেতনের ৭০ থেকে ৮০ভাগ দেয়া হলেও বাংলাদেশিদের মধ্যে যারা এখনো বৈধ হতে পারেননি তারা কোনরকম অনুদান পাচ্ছেন না।
রাসেল আহমেদ, ফ্রান্স প্রতিনিধি



