মালয়েশিয়ায় নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়ে ৯ জুন পর্যন্ত

মালয়েশিয়ায় চলমান নিয়ন্ত্রণ আদেশ পঞ্চমবারের মতো বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার নুজুল আল কোরআন ও বিশ্ব মা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা করেন।
করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য চলমান নিয়ন্ত্রণ আদেশ বাড়ানো হয়েছে। সবাইকে এই সময়ে ধৈর্য ধারণ করতে হবে।সাময়িক অসুবিধা হলেও সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে।
এদিকে, মালয়েশিয়ায় প্রবাসি বাংলাদেশি কমিউনিটির নেতারা বলেন, ইতোমধ্যেই লকডাউন বৃদ্ধি করা হয়েছে। তাই কষ্ট হলেও, নিয়ম মেনে চলার জন্যে সকল প্রবাসী বাংলাদেশি প্রবাসীদের অনুরোধ জানান তারা।
মালয়েশিয়ায় করোনাভাইরাস মোকাবেলায় গত ১৮ মার্চ থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে, চতুর্থবারের মতো বাড়িয়ে ১২ মে পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। গত ৪ মে সরকার শর্তসাপেক্ষে খুলে দেয় বেশকিছু ব্যবসা-প্রতিষ্ঠান। তবে লকডাউনের সময় বৃদ্ধি করা হলেও নিয়মনীতি মেনে ব্যবসা করতে পারবেন, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মালিকরা।



