
করোনায় গণমাধ্যম কর্মীদের হাসপাতালে নেয়ার জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে বেসরকারি সেবা সংগঠন পাথওয়ে। বৃহস্পতিবার সকালে কাওরান বাজারের সংগঠনের কার্যালয়ের সামনে থেকে এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এতে গণমাধ্যমে কর্মরতরা, অসুস্থতা জনিত কোন সমস্যায় পড়লে ৬ টি এ্যাম্বুলেন্সের মাধ্যমে ২৪ ঘণ্টা সেবা পাবেন। অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান পাথওয়ে এর আগেও নানা সামাজিক সমাজ সেবামূলক কাজ করে আসছে।
এদিকে, সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের (বিজেসি) উদ্যোগে গণমাধ্যমের কর্মীদের করোনার নমুনা সংগ্রহের বুথ চালু করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের অনুমতি নিয়ে রাজধানীতে আলাদা বুথ চালু করেছে বিজেসি। নিবন্ধন করে গণমাধ্যমকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এখানে করোনা পরীক্ষার সুযোগ পাবেন।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ অনুদান প্রদান ও তাদের জন্য নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র স্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। বুধবার (১৩মে) ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল সভায় এ আহবান জানানো হয়।
উল্লেখ্য: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুই সাংবাদিক। আক্রান্ত প্রায় ৬০ জন।



