ভালো নেই রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা

রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো নেই, রুশ সরকার এখনও কোনো সহায়তার আশ্বাস দেয়নি। দেশটিতে বিপুল সংখ্যাক বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
করোনাভাইরাস এর প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। চরম অর্থসংকটসহ অনেকেই খাদ্য সংকটেও ভুগছেন। চলমান লকডাউনে কাজ হারিয়ে গৃহবন্দী এসব বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সেমিস্টার ফি সহ আনুসঙ্গিক খরচে কোনো ছাড় পাচ্ছেন না।
রুশ সরকারও তাদের জন্য বিশেষ কোনো সুবিধা এখনও দেয়নি। যেসব শিক্ষার্থী নিজে রোজগার করে পড়াশোনার খরচ চালাতো তারাও লকডাউনের ফলে বেকার হয়ে ঘরে বসে আছে। তাদের সঞ্চয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে রাশিয়া প্রবাসী এসব শিক্ষার্থীদের। তারা বাংলাদেশ দূতাবাসকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান।



