
বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে এই বরেণ্য শিক্ষাবিদকে সমাহিত করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এসময় তার ছেলেসহ কয়েকজন স্বজন সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ড. আনিসুজ্জামানের মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে তার দাফনের সব আনুষ্ঠানিকতা হয়। দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম।
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। অধ্যাপক আনিসুজ্জামানকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার দেন ধানমন্ডি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম।
উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, সমাজকল্যাণ কর্মকর্তা শাহাদাত হোসেন, রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক আব্দুর রহমানসহ অন্য কয়েকজন পুলিশ সদস্য।
বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আনিসুজ্জামান। মৃত্যুর পর রিপোর্টে করোনা পজিটিভ আসায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়।



