করোনায় বিপাকে শ্রীপুরের পোল্ট্রি খামারিরা

করোনায় গাজীপুরের শ্রীপুরের পোল্ট্রি খামারিরা মুরগি নিয়ে বিপাকে পড়েছেন। এজন্য বেচাকেনা সংকটের কথা বলছেন তারা। অনেকের পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম। এদিকে, পরিবহন সংকটে আশুলিয়ায় দুগ্ধ খামারেও দুরাবস্থা। বিক্রি কমে দুধের দাম পড়ে যাওয়ায় প্রান্তিক খামারীদের এখন মাথায় হাত।
প্রাণীজ ও আমিষের সিংহ ভাগই আসে পোলট্রি মুরগি থেকে। লাভজনক খাত হলেও বর্তমানে করোনাভাইরাস কারণে সংকটে পড়েছেন খামারী ও ব্যবসায়ীরা। গাজীপুরের পোল্ট্রি খাতে বেশ ক্ষতি হয়েছে। চরম বিপাকে পড়েছেন খামারীরা।
শ্রীপুরের ভাংনাহাটি এলাকার অনেক পোল্টি খামারে করোনার কারনে এখন নাজুক অবস্থা। আর ক্রয়-বিক্রয়, পরিবহন সঙ্কট থাকায় চরম আর্থিক সংকটে পড়েছে এসব প্রতিষ্ঠান। এজন্য কর্মচারীদের বেতনও দিতে পারছেন না। তাই চরম মানবেতর জীবন যাপন করছেন খামারের শ্রমিকরাও। পোলট্রি খাতকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তা কামনা করেছেন প্রান্তিক খামারিরা।
অন্যদিকে, আশুলিয়ায় প্রায় কয়েক’শ গরুর খামারেও একই অবস্থা। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া এলাকায় বড় বড় দুগ্ধ খামারগুলো এখন ক্ষতিগ্রস্ত। একেকটি খামারে শত শত গাভী থেকে দৈনিক হাজারো লিটার দুধ উৎপন্ন হয়।
বর্তমানে বিক্রি কমে যাওয়ায় খামারীরা পড়েছে বিপাকে। তার উপর আবার গো-খাদ্য সংকটে হওয়ায় গাভীদের সময়মতো খাবার দেয়াও যাচ্ছে না।



