স্থানীয়ভাবে দাফন হতে পারে সৌদির হিমঘরে থাকা বাংলাদেশিদের লাশ

সৌদি আরবের হিমঘরে জমে থাকা বিপুলসংখ্যক বাংলাদেশিদের লাশ স্থানীয়ভাবে দাফন করা হতে পারে। করোনা ভাইরাস ও হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি অনেক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন।
বিমান চলাচল স্বাভাবিক না হওয়ায় এসব মৃতদেহ সৌদি আরবের বিভিন্ন হাসপাতালের মর্গে ও হিমঘরে সংরক্ষিত রাখা হয়েছে। লাশগুলোর পরিবারের অনুমতি না পাওয়ায় দূতাবাস এসব লাশের জন্য অনাপত্তি পত্র দিয়ে স্থানীয়ভাবে দাফনের ব্যাবস্থা করতে পারছে না।
এদিকে সৌদি আরবের আইন অনুযায়ী কোনো লাশ দুই মাসের অধিক সময় ধরে মর্গে রাখার নিয়ম নেই। তাছাড়া করোনা মহামারীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বিপুল সংখ্যক মানুষ সম্প্রতি মারা যাওয়ায় হিমঘরগুলোতে লাশের স্থান সংকুলান হচ্ছে না। সৌদি সরকারও চলমান দুর্যোগময় পরিস্থিতিতে লাশ দেশে পাঠানোর ব্যাবস্থা করতে রাজি নয়।
এমতাবস্থায় রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেট দেশে থাকা প্রবাসীর পরিবারগুলোকে স্থানীয়ভাবে লাশ দাফনের অনুমতি দিতে অনুরোধ করেছে। দূতাবাস আরো জানায়, এসব লাশ সৌদি আরবে দাফন করা হলেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন লাখ টাকা করে পাবে পরিবারগুলো।



