
গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হিসেবে একদিনে সর্বোচ্চ ১,৬১৭ জন শনাক্ত হয়েছেন। আর ১৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৬,৭৩৮ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। এ পর্যন্ত মোট ৫,২০৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
বুধবার (২০শে মে) দেশে করোনা শনাক্তের ৭৪তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১০,২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১,৬১৭ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়। দেশে এ পর্যন্ত মোট ২ লাখ ৩ হাজার ৮৫২টি নমুনা পরীক্ষা করা হলো।
এদিকে, ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ৯৩৩ জন। মারা গেছে ৩ লাখ ২৪ হাজার ৯১০ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ১৪৯ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ। আর চিকিৎসাধীন রয়েছেন ২৭ লাখ ২ হাজার ৯২৬ জন।



