ত্রাণ নিয়ে যারা কারচুপি করে তাদের বরখাস্ত করা উচিত: জি এম কাদের

করোনা সঙ্কটকালীন মুহুর্তে অনাহারীর ত্রাণ ও অর্থ নিয়ে যারা কারচুপি করে তাদের চেয়ে বড় অপরাধী কেউ হতে পারে না। অপরাধীদের শুধু শাস্তি নয়, বরখাস্ত করা উচিৎ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর এলাকার দেওয়ান লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা মাঠে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আস্তে আস্তে লকডাউন কে শিথিল করে মানুষের কাজ কর্মের সুযোগ সৃষ্টি এবং জীবিকা অর্জনের সুযোগ করে দেয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশের জনসংখ্যা এত বেশি যে, আমরা চাইলেও দূরে দূরে থাকতে পারি না। আমাদেরকে কাছে আসতেই হবে।
আমাদের দেশের মানুষের অবস্থা এমন যে, একদিন কাজ না করলে দুুইদিন না খেয়ে থাকতে হয়, ফলে মানুষকে কাজ থেকে দুরে রাখা অত সহজ বিষয় নয়। অসহায় ও কর্মহীন মানুষের ত্রান ও অর্থ নিয়ে যারা কারচুপি করে তাদের চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে?
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের প্রধান চিপ হুইপ মশিউর রহমান রাঙ্গা, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফ উদ্দীন, রূপগঞ্জ উপজেলা জাপা সভাপতি মীর আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হান্নান শাহ, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, কাঞ্চনপৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী হোসেন খাঁন সহ অরো অনেকে।
মো: সোহেল কিরণ, রূপগঞ্জ (নারায়ণঞ্জ)



