
করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ মে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসির ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই শিক্ষার্থীদের ফল সংগ্রহ করতে বলা হয়েছে। আর কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না। এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেয়া হবে। আর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। বুধবার (২০ মে) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এছাড়াও এসএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রত্যাশীদের জন্য তিনটি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলো হলো- এ বছর এসএসসি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষাকেন্দ্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাঠানো হবে না। তাই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
যারা এসএমএস এর মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদেরকে ফল প্রকাশের আগেই নিম্নোক্ত পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll ও Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ। আগামী ২১ মে’র পর যেকোনো দিন ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল প্রকাশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি। গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।



