
ঈদকে সামনে রেখে করোনা পরিস্থিতির মধ্যেও রাজধানীর বেশ কিছু শপিং মলে চলছে বেচাকেনা। যদিও বন্ধ রয়েছে বড় এবং অভিজাত শপিংমলগুলো।
অধিকাংশ দোকানেই স্বাস্থ্য বিধি মেনে সকাল থেকে চলছে কেনাকাটা। জীবাণুমুক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে শপিংমল গুলোর প্রবেশ পথে। বিভিন্ন মার্কেটে বসানো হয়েছে জীবাণু নাশক টানেল। এসব টানেলের মধ্য দিয়ে মার্কেটে প্রবেশ করতে দেখা যায় ক্রেতাদের।
তবে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। বের হলেও মেনে চলছে সামাজিক দুরত্ব ব্যবহার করছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীও।
রাজধানী ঢাকার কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মার্কেটের সামনেই চলছে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রস্তুতি। যারাই আসছেন স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট ও দোকানপাটে প্রবেশ করছেন। বিক্রেতারাও বেশ সতর্ক। মার্কেট বা দোকানপাটে প্রবেশপথে তারা বসিয়েছেন জীবাণুনাশক স্প্রে মেশিন, হ্যান্ড স্যানিটাইজার ও জুতা জীবাণুমুক্ত করার ব্যবস্থা।
ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে মার্কেটে প্রবেশ করছেন। লাইনে দাঁড়ানোর পরপরই তাদের হাতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এরপর তাদের বিশেষভাবে তৈরি জীবাণুনাশক ঘরে প্রবেশ করিয়ে স্প্রে করে তবেই মার্কেটে প্রবেশ করতে দেয়া হচ্ছে। মার্কেটের বাইরে হ্যান্ডমাইক হাতে নিরাপত্তা প্রহরীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেটে প্রবেশের আহ্বান জানাচ্ছেন।
এমন পরিস্থিতির মধ্যেও যারা মার্কেটে আসছেন তাদের দাবি, ঈদের কেনাকাটা করতে নয় তারা মার্কেটে এসেছেন পরিবারের অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে।



