দেশবাংলা
আম্পান: যশোরে গাছ চাপা পড়ে ১২ জনের মৃত্যু

আম্পানের আঘাতে যশোরে গাছ চাপা পড়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১শে মে) রাত সাড়ে ১০টা পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যশোর জেলা প্রশাসন।
ওই ছয় ব্যক্তির পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, আম্পানের আঘাতে হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। গাছ চাপা পড়ে জেলায় এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘর বা গাছ চাপা পড়ে আহত হয়েছেন বহু মানুষ।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তারা দেরিতে খবর পেয়েছেন। পারখাজুরা গ্রামে নিহত ৫ জনের শেষকৃত্যে তিনি ও পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।



