
এর আগের চার ঈদ কারা হেফাজতে কাটানোর পর এবার বাড়িতে ঈদ করবেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
প্রতিবছর ঈদের আগে বা পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান দেশে আসতেন। এ বছর বিমান চলাচল বন্ধ থাকায় তিনি দেশে আসতে পারছেন না। তবে ঈদের দিন দেশে ও দেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হওয়ার পর কারা হেফাজতে ছিলেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ২৫ মার্চ মুক্তি পাওয়ার আগে টানা চারটি ঈদ কারা হেফাজতেই কাটিয়েছেন তিনি।
উল্লেখ্য, এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই ঈদে কারাগারে ছিলেন এই বিএনপি প্রধান।



