বিশ্ববাংলা

নিরানন্দ ঈদ উদযাপন সমগ্র মধ্যপ্রাচ্য প্রবাসীদের

সৌদি আরবসহ সমগ্র মধ্যপ্রাচ্যে রোববার অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সারা দেশজুড়ে লকডাউন থাকায়, এবার ঘরেই ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। দীর্ঘদিন ধরে গৃহবন্দী থাকায়, এবার ঈদ উপলক্ষ্যে দেশে টাকা পাঠাতে না পারায় দুশ্চিন্তার মাঝেই নিরানন্দ ঈদ উদযাপন করছেন প্রবাসীরা।

সেইসাথে সুন্দর আগামীর প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। সৌদি আরবে রোববার অনুষ্ঠিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। প্রতিবছরের মত জাকজমক আয়োজনের বদলে, এবার সীমিত পরিসরে ঘরোয়াভাবে পালন করা হয়েছে ঈদ।

শুধুমাত্র মক্কার মসজিদুল হারাম এবং মদীনার মসজিদে নববী ছাড়া সৌদি আরবের আর কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। মরুভূমির রোদের উত্তাপ থেকে মুসুল্লিদের বাঁচাতে, খুব ভোরেই ঈদের নামাজের আয়োজন করা হয় এ দুটি প্রধান মসজিদে।

করোনার সংক্রমণ ঠেকাতে সৌদি আরবজুড়ে জারি রয়েছে কারফিউ। তাই কোনো মসজিদ বা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তাই, প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে এবং বাসার ছাদে সীমিত সংখ্যক লোক একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।

সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে বলে এবার প্রবাসীরা বাইরে ঘোরাফেরা না করে টেলিফোনে এবং অনলাইনে প্রিয়জনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলা টিভির মাধ্যমে প্রবাসীরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যান্য বছর প্রবাসীরা ঈদের কেনাকাটা করার জন্য দেশে থাকা পরিবারকে টাকা পাঠান। কিন্তু, এবার লকডাউনের কবলে পড়ে, তাদের নিজেদের অবস্থাই শোচনীয়। অনেকেই দেশে টাকা পাঠাতে পারেননি বলে কষ্টের কথা জানিয়েছেন।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে বিশ্ববাসী শীগগিরই স্বাভাবিক জীবনে ফিরে যাবে, এমন প্রত্যাশা প্রবাসীদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button