সাগর উত্তাল, ৩ দিন ঝড়-বৃষ্টি হতে পারে

বায়ু চাপের তারতম্যের আধিক্য থাকার কারণে সাগর উত্তাল। আগামী তিন দিন প্রায় সারা দেশে থেমে থেমে ঝড়-বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আশঙ্কা আছে। এছাড়া উপকূল অঞ্চল ও চরগুলোতে এক থেকে দুই ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে।
এসব কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে মাছ ধরাসহ এ ধরনের কাজ বিঘ্নিত হবে বলেই তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (২৭ মে) দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে ১৪৫ মিলিমিটার। এছাড়া বগুড়ায় ৮৪, ঈশ্বরদী ও নেত্রকোনায় ৭৪, বদলগাছিতে ৭২, টাঙ্গাইলে ৬৫, ময়মনসিংহে ৬৪, ঢাকায় ৬৩, সিলেটে ৬২, চুয়াডাঙ্গায় ৬০, তাড়াশে ৫৮ এবং নিকলিতে ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এছাড়া ফরিদপুর, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী, রংপুর, সৈয়দপুর, তেতুলিয়া, ডিমলা, রাজারহাট, সাতক্ষীরা ও যশোরেও বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।



