করোনায় সৌদি আরবে মারা গেছেন ১৪৩ বাংলাদেশি

এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন ১৪৩ বাংলাদেশি। সংক্রমণের শিকার হয়েছেন প্রায় আট হাজারেরও বেশি বাংলাদেশি। এছাড়া সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২৫৮ ও দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে ২০০ জন বাংলাদেশি মারা গেছেন।
সৌদি আরবে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে অন্তত ৩০ শতাংশই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের তথ্য মতে এদের মধ্যে মদিনায় সবচেয়ে বেশি এবং দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেেন মক্কা ও জেদ্দায়।
রাষ্ট্রদূত গোলাম মসিহ আরো জানিয়েছেন, সৌদিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সৌদি সরকার এখন আর করোনা আক্রান্ত বিদেশিদের নাগরিকত্ব প্রকাশ করছেন না। গত এক সপ্তাহ ধরে কোনো হিসাবই দিচ্ছে না। আরও অন্তত শতাধিক বাংলাদেশির অবস্থা সংকটাপন্ন।
এদিকে দেশটিতে ২৩ মার্চ থেকে কারফিউ চলমান থাকায় অনেকে প্রবাসী সেখানে আর্থিক সংকটে রয়েছেন। সংকটে থাকা সৌদি আরবে প্রায় ৪ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। জেদ্দা কনস্যুলেটের আওতায় আরও প্রায় দুই হাজার অভিবাসীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশিদের চাকরি না হারানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সূত্র: আমাদের সময়.কম



