কুয়েতে আঞ্চলিক কোয়ারেন্টাইন মুক্ত হচ্ছে জিলিব ও মাহবুলা

কুয়েতে আঞ্চলিক কোয়ারেন্টাইন মুক্ত হচ্ছে প্রবাসী অধ্যুষিত জিলিব ও মাহবুলা এলাকা। চলতি মাসের শেষে কুয়েতে পুরোপুরি কারফিউ ওঠানোর পরে দেশটির প্রবাসী অধ্যুষিত জিলিব আল-সুয়েখ এবং মাহবুলা এলাকায় আঞ্চলিক কোয়ারেন্টিন ব্যবস্থা আর থাকবে না।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী প্রবাসী অধ্যুষিত এই দুই এলাকায় কোয়ারেন্টিন নীতি আর প্রয়োগ করা হবে না।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, কোয়ারেন্টিন ব্যবস্থা তুলে নেওয়া হলেও অঞ্চল দুটিতে চব্বিশ ঘন্টা নিরাপত্তা উপস্থিতি আরও কঠোর করা হবে। যে কেউ আইন, প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুয়েতের সর্বত্র চলছে লকডাউন ও কারফিউ। প্রায় তিন মাস পর আগামী ৩০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশটি স্বাভাবিক কাজকর্মে ফিরতে চাচ্ছে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে কুয়েতে ৮৪৫জন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১১২ জনে। অন্যদিকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৯৮ জন ও মোট মারা গেছেন ১৮৫ জন।
আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি



