নিরানন্দে ইদ উদযাপন কাতার প্রবাসীদের

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় অচল হয়ে পড়েছে কাতারের জনজীবন। কাতার প্রবাসীদের মাঝে ছিল না কোন ঈদের আনন্দ, বিমান যোগাযোগ বন্ধ থাকায়, দেশে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেননি প্রবাসীরা।
দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে, নিজ কক্ষে ঈদের নামাজ আদায় করেন, কাতারের প্রবাসী বাংলাদেশিরা। তবে, প্রতিবেশী বা বন্ধুদের সাথে সরাসরি ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারেননি তারা। দেশটিতে বিনোদন কেন্দ্র, পার্ক, সমুদ্রসৈকত, সিনেমা হল বন্ধ থাকায়, রাস্তাঘাটও ছিল প্রায় জনশূন্য।
প্রতিবছরের মতো কাতারে সরকারিভাবে ১২দিন ঈদের ছুটি থাকলেও, বিমান যোগাযোগ বন্ধ থাকায়, দেশে এসে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারেননি অনেক প্রবাসী। কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোঃ তারেক বাবুল দেশবাসীকে ঈদ শুভেচ্ছার পাশাপাশি করোনা পরিস্থিতিতে নিরাপদে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। করোনাভাইরাস এর সংক্রমণ মোকাবিলায় কাতার সরকারের দিক নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন, ব্যবসায়ী মোঃ ফকরুল ইসলাম।
এদিকে, কাতারে বুধবার নতুন করে আরও ১৭৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন আরও ২ জন। দেশটিতে করোনা আক্রান্ত ৬ জন বাংলাদেশিসহ, মোট মারা গেছেন, ৩০ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আর সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৯৪৭ জন, এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ৬৩৪ জন। বুধবার ১৪৩৯ জনসহ সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩২৮৩ জন।
আকবর হোসেন, বাংলাটিভি



