লেবাননে শ্বাসকষ্টে এক বাংলাদেশি নারীর মৃত্যু

লেবাননে মর্জিনা বেগম নামে এক বাংলাদেশি নারীর শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। শনিবার রাজধানী বৈরুতের মাকাসাদ হাসপাতালে তার মৃত্যু হয়।
তার লেবানন প্রবাসী বোন নাসরিন বেগম জানান, মর্জিনা দীর্ঘ ৭ বছর আগে জীবিকার তাগিদে গৃহকর্মী ভিসায় লেবাননে পাড়ি জমান। তিনি ও তার বোন একসাথে বারবি এলাকায় বসবাস করতেন। গত প্রায় ২ সপ্তাহ ধরে মর্জিনা শ্বাসকষ্টে ভুগছিলেন।
কিন্তু, পর্যাপ্ত অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি তিনি। মৃত্যুর দিন তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হলে, তাকে স্থানীয় মাকাসাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মর্জিনার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। তার মরদেহটি বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



