অন্যান্যবাংলাদেশ

চলছে গণপরিবহন, স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ

দু’মাসের বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে আজ সোমবার থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে যাত্রীদের গুনতে হচ্ছে ৬০ ভাগ বাড়তি ভাড়া। সরকারের নির্দেশনা মেনে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়েই চলাচল করছে এসব যানবাহন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে দু’মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো যাত্রীবাহী বাস-মিনিবাসসহ গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন রুটে সীমিত আকারে চলছে গণপরিবহন। শর্তসাপেক্ষে বিদ্যমান ভাড়ার ৬০শতাংশ অতিরিক্ত গুণতে হচ্ছে যাত্রীদের।

এদিকে, প্রথমদিনেই যাত্রীদের অভিযোগ, কোথাও কোথাও ভাড়া নেয়া হচ্ছে দ্বিগুণ। মানা হচ্ছে না সরকারি আদেশও। রাজধানীর বিভিন্ন সড়কে, অধিকাংশ গণপরিবহনই শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী তুলছে। জীবাণুনাশক ছিটিয়ে বাসে তোলা হচ্ছে যাত্রীদের। তবে গাড়ির ভেতর অনেক যাত্রীরই নেই মাস্ক ও হ্যান্ড গ্লাভস। আবার স্বাস্থ্যবিধি না মেনেই গাড়িতে উঠছেন কেউ কেউ।

অন্যদিকে, র্দীঘদিন বন্ধ থাকার পর কাজে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা। তবে ঢাকার বাইরে সচেতনতার বিষয়টি খুব একটা গুরুত্ব পাচ্ছে না। বাসের ভেতর শারীরিক দূরত্ব কিছুটা থাকলেও বাস টার্মিনালে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ব তো দূরের কথা, ছিল মানুষের ব্যাপক ভিড়।

এছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই চলছে ট্রেন ও লঞ্চ। তবে ট্রেনে নিয়ম মানা হলেও স্বাস্থ্যবিধির কোন বালাই নেই লঞ্চে। এদিকে, বিভিন্ন রুটে সীমিত পরিসরে আজ থেকে চলছে উড়োজাহাজ।

হাকিম মোড়ল, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button