
গণপরিবহনে ৬০শতাংশ ভাড়া বৃদ্ধির করে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার।সোমবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব। বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানান হুমায়ন কবির।
রিটে করোনার এ ক্রান্তিকালে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির করে জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, গণপরিবহনে দেশের সাধারণ মানুষেরা যাতায়াত করেন। যাদের প্রাইভেট গাড়ি নেই।
নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা গণপরিবহনে যাতায়াত করেন। দেশের এ পরিস্থিতিতে কোন যুক্তিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। যেখানে সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ। এদিকে প্রজ্ঞাপনটি স্থগিত চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মনিরুজ্জামান লিংকন।



